ভোলা-৩ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে (লালমোহন-তজুমদ্দিন) এ বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলের অন্যতম শীর্ষ নেতা,বি এন পির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন স্থানীয় বি.এন.পির নেতৃবৃন্দ।
আজ দুপুরে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
মনোনয়ন ফরম সংগ্রহের সময় লালমোহন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল উপস্থিত ছিলেন। এছাড়াও তাদের সাথে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মনোনয়ন ফরম সংগ্রহের পর বিএনপি নেতারা জানান, মেজর হাফিজ উদ্দিন আহমেদ এই আসনের জনগণের অত্যন্ত জনপ্রিয় নেতা। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আবারও তাকে বিজয়ী করবে। তারা আরও বলেন, এলাকার উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে মেজর হাফিজের নেতৃত্বের বিকল্প নেই।
উল্লেখ্য, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এই আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন। তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহের সংবাদে স্থানীয় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।