বোরহানউদ্দিন প্রতিনিধিঃ
আসন্ন স্থানীয় পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভোলা-২ আসনের বোরহানউদ্দিন উপজেলা আওতাধীন বিএনপির সম্ভাব্য প্রার্থীদের বাছাইয়ের লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তের আলোকে এ কমিটি গঠন করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, স্থানীয় পর্যায়ে পৌর মেয়র, ইউপি চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর, ইউপি সদস্য এবং সংরক্ষিত নারী আসনের ওয়ার্ড কাউন্সিলর/ইউপি সদস্য পদে দলীয় প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া সম্পন্ন করবে এ কমিটি।
গঠিত কমিটিতে বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক জানাবা মাফরুজা সুলতানাকে আহ্বায়ক করা হয়েছে। সদস্য হিসেবে রয়েছেন সারোয়ার আলম খান, মঞ্জুরুল আলম ফিরোজ কাজী, বশির আহাম্মদ, জাকারিয়া আজম এবং অ্যাডভোকেট আকবার হোসেন (জুয়েল)। এছাড়া ঐতিহ্যবাহী বোরহানউদ্দিন প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাহমুদ সোহেলকে দাপ্তরিক কাজে নিয়োজিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় নির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে তৃণমূলের মতামতকে গুরুত্ব দেওয়া হবে। সংশ্লিষ্ট এলাকার নেতাকর্মী ও তৃণমূল পর্যায়ের মতামত গ্রহণের পাশাপাশি জরিপের মাধ্যমে সম্ভাব্য প্রার্থীদের জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা ও সাংগঠনিক অবস্থান মূল্যায়ন করা হবে।
এরপর কাঙ্ক্ষিত প্রতিটি পদের জন্য একজন একক চূড়ান্ত প্রার্থী এবং একজন বিকল্প প্রার্থী সর্বসম্মতিক্রমে বাছাই করে অনুমোদনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠাবে কমিটি।
দলীয় স্বার্থ ও সার্বিক ঐক্যকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনের জন্য কমিটির সব সদস্যকে নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রার্থী বাছাইয়ের পুরো প্রক্রিয়ায় তৃণমূলের মতামত, জরিপের ফলাফল এবং সাংগঠনিক বাস্তবতা বিবেচনায় নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
বিএনপির নেতাকর্মীদের ধারণা, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে তৃণমূলের মতামতকে প্রাধান্য দেওয়া হলে মাঠপর্যায়ে নেতাকর্মীদের মধ্যে ঐক্য আরও সুদৃঢ় হবে এবং নির্বাচনী কার্যক্রমে সাংগঠনিক সমন্বয় বাড়বে।
এদিকে, কমিটি গঠনের মধ্য দিয়ে বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন পৌর ও ইউনিয়ন এলাকায় সম্ভাব্য প্রার্থীদের নিয়ে দলীয় পর্যায়ে আলোচনা ও যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া আরও আনুষ্ঠানিক রূপ পেল বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।
ভোলা-২ আসনের সংসদ সদস্য মো. হাফিজ ইব্রাহিমের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে কমিটির সদস্যদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি দলীয় স্বার্থে এবং সার্বিক ঐক্য রক্ষায় সবাইকে একযোগে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।